খালেদা জিয়ার কারাবাসের দুই বছর

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ বিএনপির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার। দিনটিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে পোস্টার ছাপানো এবং তা রাজধানীসহ সারা দেশে প্রদর্শন। লিফলেট বিতরণ। সমাবেশের আগের দিন শুক্রবার জুমার নামাজে সারা দেশের মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া। যৌথ সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দোয়া ও বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জোরদার করতে দলের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বলেন, ‘বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সে কারণেই দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী, দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে মুক্তি পর্যন্ত দেওয়া হচ্ছে না। সরকারের সর্বোচ্চ মহল থেকে আদালতকে অর্থাৎ বিচার বিভাগকেও ফ্যাসিবাদী কায়দায় কুক্ষিগত করে আইনি প্রক্রিয়ায় তার মুক্তিতে হস্তক্ষেপ করা হচ্ছে। সরকার সম্পূর্ণ বেআইনিভাবে, ফ্যাসিবাদী কায়দায় তাকে তার প্রাপ্য মুক্তিতে বাধা সৃষ্টি করছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আইন ও আদালতের ওপর নগ্ন হস্তক্ষেপের কারণে একদিন না একদিন জনগণ এই ফ্যাসিস্ট সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে। সেদিন আর খুব বেশি দূরে নয়।’