রাজধানীর পল্লবী ও সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ভুয়া ৫ সেট প্রশ্নপত্র ও ৫টি মোবাইল ফোনসেট জব্দ করে র্যাব। আটকরা হলো বরগুনার সামিউল আজমাইন (১৮), নীলফামারীর মো. আল আলিফ হোসাইন ওরফে আলিফ (১৮), সাতক্ষীরার জামিল আল মামুন ওরফে তন্ময় (১৮) ও ঢাকা মনিরুল ইসলাম পাপ্পু (২০)।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, সোমবার মধ্যরাতে রাজধানীর পল্লবী ও সাভারের আশুলিয়ার দুটি এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস এবং কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।