দিনাজপুরে ভুয়া পুলিশ-সচিব চক্রের ৫জন আটক

তারা কখনো ডিবি পুলিশ, কখনো পুলিশের এসপি, কখনো ডিআইজি আবার কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছে অর্থ আদায় করত। অবশেষে দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে এই চক্রের ৫জনকে আটক করা হয়েছে।

বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

আটককৃতরা হলেন- নুর আলম রিপন, শাকিলা আক্তার বন্যা, শাহীন পারভেজ, সুব্রত বিহারী রায় ওরফে শুভ আহমেদ, রুমা বেগম ওরফে চাঁদনি, আঞ্জুমান আক্তার ওরফে শিউলি। তাদের বাড়ি নীলফামারী, ময়মনসিংহ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিপন ও তার সহযোগীরা নিজেদের ডিবি পুলিশ, পুলিশের এসপি, ডিআইজি, সচিব পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতায় সোমবার রাতে দিনাজপুর শহরের সুইহারী এলাকা থেকে তাদের আটক করা হয়।  

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই ভুয়া পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে। এই চক্রের সদস্যরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।