স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নেত্রকোনার পূর্বধলায় যুবকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৭) অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শিমুল আলমগীর (২৩) নামে প্রতিবেশী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর ভাষ্য, পূর্বশত্রুতার জেরে গত শুক্রবার তাকে অপহরণ করে অভিযুক্ত শিমুল।

নেত্রকোনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নরসিংদী নিয়ে তার এক বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণ করে শিমুল। পরে জোরপূর্বক তাকে বিয়ের কাবিনেও স্বাক্ষর করায় সে। গত রবিবার ফোন করে ওই ছাত্রীর পরিবারকে তাদের অবস্থানের কথা জানানো হলে তারা গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এর দু’দিন পর মঙ্গলবার পূর্বধলা থানায় মামলা করলে ওই রাতেই শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বধলা থানার ওসি মো. তাওহীদুর রহমান দেশ রূপান্তরকে জানান, অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ঘটনা তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।