আবারও বিপাকে পড়লেন বলিউডের এই সময়ের ব্যস্ত কোরিওগ্রাফার গণেশ আচার্য। ৩০ বছর আগের ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন এক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার।
জাতীয় নারী কমিশনে অভিযোগ করেছেন ওই নর্তকী। এক সপ্তাহ আগে গণেশের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন আরেক এক নর্তকী। দুটি অভিযোগই অস্বীকার করেছেন গণেশ।
আগের অভিযোগটি দেখেই পুরোনো ঘটনার পরিপ্রেক্ষিতে নালিশ করার সিদ্ধান্ত নেন এই নারী। তার কথায় একদিন জাইভ ড্যান্স ফর্ম শেখানোর নাম করে তার সঙ্গে জোর-জবরদস্তি করেন গণেশ।
জোর করে চুমু খেতে থাকেন গণেশ- অভিযোগ নৃত্যশিল্পীর। ‘পিরিয়ড চলছে’ বলে নিরস্ত করেন বলে ওই নারীর দাবি। গণেশ তাকে বলেন, তুমি পুরো মুড খারাপ করে দিলে।
ওই সময় অভিযোগকারিণীর বয়স ছিল ১৮। ৩০ বছর পরেও সেই অভিজ্ঞতার কথা এখনো টাটকা তার মনে। এখনো তরুণীদের সঙ্গে একই ব্যবহার করছেন গণেশ- সেই কারণেই মুখ খোলা উচিত বলে মনে করেছেন অভিযোগকারী।
তবে গণেশের দাবি, পেশাগত রেষারেষির কারণে তার সুনাম নষ্ট করতে এই অভিযোগ করা হচ্ছে। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের স্বরূপ প্রকাশ করবেন বলে জানালেন এই কোরিওগ্রাফার।