এই দিনে ৭ ফেব্রুয়ারি

অনিল মুখার্জি বামপন্থি রাজনীতিক ও লেখক। অনিল মুখার্জি ১৯১২ সালের ১০ অক্টোবর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৯ সালে মুন্সীগঞ্জ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। কলেজে ভর্তি হওয়ার পর আইন অমান্য আন্দোলনের অভিযোগে ১৯৩০ সালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাখা হয়েছিল মেদিনীপুর হিজলী বন্দিশিবিরে। সশস্ত্র সংগ্রামে জড়িত থাকার অভিযোগ এনে ব্রিটিশ সরকার সেখান থেকে তাকে পাঠায় আন্দামান দ্বীপে। ১৯৩৮ সালে ছাড়া পেয়েই তিনি কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে সক্রিয় হন। ১৯৪৬ সালে নারায়ণগঞ্জের সুতাকল শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেন অনিল মুখার্জি।  ভারত ভাগের পর আবারও গ্রেপ্তার হন এবং ১৯৫৫ সালে মুক্তি পান। তখন থেকে ১৯৭১ সাল পর্যন্ত আত্মগোপন অবস্থায় রাজনৈতিক আন্দোলন পরিচালনা করেন। ১৯৫৬ সালে কমিউনিস্ট পার্টির তৃতীয় সম্মেলনে (গোপনে অনুষ্ঠিত) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ১৯৬৮ সালে পার্টির প্রথম কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ ও ১৯৮০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ‘সাম্যবাদের ভ‚মিকা’,‘শ্রমিক আন্দোলনের হাতেখড়ি’, ‘স্বাধীন বাংলাদেশের সংগ্রামের পটভ‚মি’ ও ছোটদের জন্য লেখা ‘হারানো খোকা’। ১৯৮২ সালের ৭ ফেব্রুয়ারি
তিনি মৃত্যুবরণ করেন।