সোনাগাজীতে ডাকাতি মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সোনাগাজীর ইউপি সদস্য আরু মেম্বারকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার বিকেলে সোনাগাজী উপজেলার আমিন উদ্দিন মুন্সির বাজার এলাকা থেকে ডাকাতি মামলায় আবদুল বারেক ওরফে আরু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার মধ্যম আহম্মদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমিন উদ্দিন মুন্সির বাজার এলাকা থেকে আবদুল বারেক  আরু  মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ডাকাতি মামলাসহ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, তত্ত্‌বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ড. সিএস করিমের বাড়িসহ একাধিক ডাকাতির ঘটনার মামলায় গ্রেপ্তার ডাকাতদের  আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে আওয়ামী লীগ নেতা আরু মিয়ার নাম ওঠে আসে।  

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জানান, তার বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতির অভিযোগ পাওয়া যায়। পুলিশ তাকে কয়েকবার আটক করে।