ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৫

মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের কমিটি ভাঙা ও গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

ওই দিন সন্ধ্যায় অভিযোগ পাল্টা অভিযোগের তদন্ত করে ঐক্যবদ্ধ ছাত্রলীগ গড়তে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত দল গাংনীতে অবস্থান নিলে তাদের সামনেই গাংনী হাসপাতাল বাজারে এই সংঘর্ষ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন (১৭), জেলা ছাত্রলীগ সদস্য সবুর হোসেন (১৭), গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা নিয়ে দুই মাস ধরেই দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে এই সংঘর্ষ শুরু হলে রাত ৮টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ও জেলা ছাত্রলীগ সভাপতি আবদুস সামাদ বাঁধন গাংনী উপজেলা শহরে বিরোধের বিষয়ে খোঁজ নিতে আসেন। এ সময় ছাত্রলীগের ইমরান-হাসিব পক্ষের লোকজন সেন্টু-শিশির পক্ষের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে অন্তত ৫ জন রক্তাক্ত জখম হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে আহত ফাহিম ও সবুজকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাজেদুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।