মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্সের নির্মাণকাজ উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্স লিমিটেড প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বেজা চেয়ারম্যান বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করার পর কেউ বুঝতে পারবে না এটি কোনো অর্থনৈতিক অঞ্চল নাকি পার্ক। অর্থনৈতিক অঞ্চলের মাস্টার প্ল্যান অনুযায়ী ২০০ একর জমির ওপর নির্মাণ করা হবে ‘শেখ হাসিনা সরোবর’। এছাড়া বিনোদন, শিক্ষা ও ব্যবসায়িক এলাকার জন্য পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তোলা হবে।

অর্থনৈতিক অঞ্চলের ভেতর এখন চার লেন সড়ক হচ্ছে। ভবিষ্যতে ছয় অথবা আট লেনের সড়ক করার মতো জায়গা রাখা হচ্ছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম, মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, পরিচালক মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৬ নম্বর জোনে ২০ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে মডার্ন সিনটেক্স। এখানে উৎপাদিত পণ্য পোশাক, হোম টেক্সটাইল, প্রযুক্তিগত টেক্সটাইল, নেট জুতো এবং মোটরগাড়ির কাজে ব্যবহার হবে। প্রতিদিন ৪৬০ টন পণ্য উৎপাদন করা হবে। তিনি আরও বলেন, কারখানাতে ১৫০০ লোকের কর্মসংস্থান হবে। এছাড়া এখানে ১১৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এবং প্রতি বছর ২০০ মিলিয়ন ডলার লেনদেন হবে। আগামী ২০২২ সালে এটি উৎপাদনে যাবে।