সারা আলী খানের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। তখন জানা গেল অন্য এক গল্প। নিজের প্রেমিকাকে নাকি চাচাতো বোন বলে পরিচয় দিতেন এই নায়ক।
আপকামিং ছবি ‘লাভ আজকাল’-এর প্রমোশনে এখন ভীষণ ব্যস্ত কার্তিক। সম্প্রতি সহ-অভিনেত্রী সারাকে নিয়ে হাজির হন ‘দ্য কপিল শর্মা শো’তে। যেখানে কলাকুশলীদের সঙ্গে দারুণ মজা করেন তিনি। নিজের জীবনের অনেক কথা শেয়ার করেন।
কার্তিক আরিয়ান জানান, একবার নিজের প্রেমিকার সঙ্গে ধরা পড়েছিলেন। তখন চাচাতো বোন বলে পরিচয় দিয়েছিলেন তিনি।
তখন কার্তিক আরিয়ানের বয়স ১৬। ক্লাসে একই বেঞ্চে বসতেন তারা। নিজেদের হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট শেয়ার করতেন। যখন ডেটিং করতেন তখন ধরা পড়বেন ভেবে ভীষণ ভয় লাগত তাদের। আর তাই গোয়ালিয়রের পাবলিক প্লেসে যখন যেতেন, সম্পর্ক লুকিয়ে রাখার চেষ্টা করতেন।
একবার ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যান। সেখানে নিজের কোনো আত্মীয় বা পরিবারের কোনো সদস্য যদি দেখে নেয়- বেশ ভয় পেয়েছিলেন।
কার্তিক বলেন, “আমরা ঘোরাফেরা তো ভীষণই করতাম, কিন্তু সব সময় ধরা পড়ার ভয় থাকতো। সেই জন্য বহুবার নিজের প্রেমিকাকে আমি আমার চাচাতো বোন বলে পরিচয় দিতাম।”
ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। সারা ও কার্তিকের সঙ্গে আরও আছেন রণদীপ হুদা ও আরুশি শর্মা।