খুলনায় পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের কথা বলে এক ব্যবসায়ীকে অপহরণের সময় সোহেল মোল্লা (৪০) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে নগরীর রায়েরমহল এলাকা থেকে প্রাইভেটকারসহ মানিকগঞ্জের নোয়াগ্রামের বাসিন্দা সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকার অপহৃত সেকেন্দার আলীকে (৪৫) মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, গত শুক্রবার রাতে টহল দেওয়ার সময় খুলনা বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী জিরোপয়েন্ট এলাকায় পশ্চিম দিক হতে আসা ঢাকা একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় পুলিশ। সংকেত না মেনে সেটি বাইপাস সড়ক হয়ে আটরার দিকে যায়। নগরীর মোস্তর মোড়ে এসে আবার পুলিশ দেখে প্রাইভেটকারটি রায়েরমহলের দিকে যায়। এতে সন্দেহ হয়। পরে পুলিশ সদস্যরা প্রাইভেটকারের পিছু নিয়ে রায়েরমহলের দিকে যায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক মনে হলে গাড়িতে তল্লাশি চালিয়ে সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যরা পালিয়ে গেলেও পুলিশের পরিচয় দেওয়া সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সেকেন্দার বাদী হয়ে থানায় মামলা করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।