প্রাইম ব্যাংক প্রেজেন্টস বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের জেলা চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারি স্কুল। দলটি জেলা পর্যায়ের ফাইনালে ৩২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়কে।
শনিবার পিরোজপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সরকারি স্কুল ৯ উইকেটে তোলে ৩৫৯ রান। সেঞ্চুরি করেন আদনান পিয়াল। ১০৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন এই কিশোর ওপেনার। হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের রাকিব নিয়েছেন ৪ উইকেট।
জবাবে সুজিত দাসের বিধ্বংসী পেসে মাত্র ৩৯ রানে অলআউট হয় হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়। ডানহাতি পেসার সুজিত ৬ উইকেট শিকার করেন।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন। জেলা চ্যাম্পিয়ন হিসেবে এখন বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়নশিপে খেলবে পিরোজপুর সরকারি স্কুল।
সংক্ষিপ্ত স্কোর:
পিরোজপুর সরকারি স্কুল: ৩৫৯/৯ (আদনান পিয়াল ১৩৬)
হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়: ৩৯ (সুজিত দাস ৬/৭)
ফল: পিরোজপুর সরকারি স্কুল ৩২০ রানে জয়ী।