আচরণবিধি ভাঙায় রাহীকে আইসিসি’র শাস্তি

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টে আচরণবিধি ভাঙার অপরাধে বাংলাদেশ পেসার আবু জায়েদ চৌধুরী রাহীকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

রাহীর বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের এই পেসার লেভেল ওয়ানের ২.৫ ধারা ভঙ্গ করেছেন।

বাজে ভাষা, আচরণ বা অঙ্গ ভঙ্গি যার মাধ্যমে খেলোয়াড়দের আগ্রাসী মনে হতে পারে- এমন ক্ষেত্রে খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

এই অপরাধে রাহীকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারের পাশাপাশি শাস্তি হিসেবে নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। একইসাথে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন রাহীর ওপর শাস্তি আরোপ করেন। রাহী শাস্তি মেনে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।