সরকারি চাকরিতে কোটা রাখার জন্য রাজ্য সরকার বাধ্য নয় বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এই ঘোষণার পর উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্য থেকে কোটা সুবিধা বাদ পড়তে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
দেশটির শীর্ষ আদালত বলছে, রাজ্যকে কোটা রাখতে বাধ্য করা যায় না। সরকারি চাকরিতে বিশেষ সম্প্রদায় বা জাতির প্রতিনিধিত্ব কম, এই দাবি তুলে রাজ্যকে বলা যায় না সংরক্ষণ চালু করতে। কারণ এগুলো একজন নাগরিকের মৌলিক অধিকার নয়।
দেশটির উত্তরাখণ্ড সরকার সে রাজ্যের হাইকোর্টের ২০১২ সালের একটা সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজ্যের পূর্ত অধিদপ্তরে সহকারী ইঞ্জিনিয়ার পদে পদোন্নতির বিরোধিতা করে সেই আবেদন। যে বিরোধ খারিজ করেছিল হাইকোর্ট।
শুক্রবার হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ করে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও আর হেমন্ত গুপ্ত বলেন, ‘কোটা কিংবা পদোন্নতিতে সংরক্ষণ প্রথা চালু বিশেষ ব্যক্তির মৌলিক অধিকার নয়। ফলে আদালতও সে বিষয়ে উদ্যোগ নিতে বাধ্য করতে পারে না।’