রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থীর শরীরে প্রাথমিকভাবে করোনাভাইরাসে আক্রান্তের আলামত মেলেনি।
রোববার ১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা সন্দেহে রমেক হাসপাতালে চিকিৎসাধীন তীব্র নামে ওই শিক্ষার্থীর চিকিৎসায় ১২ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ওই ছাত্রকে পরীক্ষা-নিরীক্ষার পর বোর্ডের প্রধান জানান, তার এখন জ্বর, সর্দি, কাশি নেই।
বুকে ব্যথা নিয়ে শনিবার তিনি রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সবধরনের সাবধানতা নিয়ে নবগঠিত করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) শনিবার ঢাকা থেকে এসে তার রক্ত, লালা আর ঘামের নমুনা নিয়ে গেছে। তারপরও আইইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
২৯ জানুয়ারি রাতে চীন থেকে দেশে ফেরেন তাজবিদ হোসেন তীব্র। চীনে একদফা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। সে সময় তেমন কোনো আলামত পাওয়া যায়নি। পরে তিনি তার গ্রামের বাড়ি নীলফামারীতে অবস্থান করছিলেন। সেখানে প্রাথমিক অবস্থায় ডোমার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ মেলেনি।
শনিবার উক্ত শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সব টেস্ট করার পর বর্তমানে তার শরীরে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি বলে রোববার চিকিৎসকরা জানান।