চরফ্যাশনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণে ৫ জন আটক

ভোলার চরফ্যাশনের চর ফারুকী গ্রামের নিকটবর্তী বুড়াগৌরঙ্গা নদীর তীরে ভাসমান ট্রলারে শনিবার রাতে ২২ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেছে পাঁচ যুবক।

খবর পেয়ে চর মানিকা কোস্টগার্ড নদীতে অভিযান চালিয়ে সময় ভিকটিমকে উদ্ধারসহ পাঁচ ধর্ষককে আটক করেছে। তাদের  রবিবার সকালে দক্ষিণ আইচা থানা-পুলিশের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন-  উপজেলার দক্ষিণ আইচা ৬ নম্বর ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউছুফ হাসান সরদার (২০), দক্ষিণ আইচা ৫ নম্বর ওয়ার্ডের হাকিম দালালের ছেলে সোহেল রানা দিদার (২০), চর মানিকা ৩ নম্বর ওয়ার্ডের মোকাম্মেল শিকদারের ছেলে ওয়াসেল আহম্মদ সিকদার (২০), চরকচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডের ইসমাঈল ফকিরের ছেলে রিপন ফকির (২০), একই গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার (৩৫)।

চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, নদীতে অভিযানকালে শনিবার রাত সাড়ে তিনটার সময় একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে চেক করতে গেলে ভেতর থেকে নারী কণ্ঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার  দেয়। এ সময় ওই নারীকে উদ্ধারসহ পাঁচ যুবককে আটক করা হয়। ভিকটিম জানিয়েছে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পাঁচ যুবকসহ পালাক্রমে ধর্ষণ করেছে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।