মৌলভীবাজার

বন্যা থেকে রক্ষায় ১ হাজার কোটি টাকার প্রকল্প

বারবার বন্যাকবলিত এলাকা মৌলভীবাজার জেলা এবং শহরকে রক্ষা করতে ১ হাজার ২ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

গতকাল রবিবার সকালে মৌলভীবাজার শহর এলাকায় মনুনদের শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জাহিদ ফারুক বলেন, প্রকল্পটি একনেকে ওঠার অপেক্ষায় আছে, আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে উঠবে। প্রকল্পটি পাস হয়ে গেলে মৌলভীবাজারবাসীকে ও শহরকে বন্যার কবল থেকে মুক্তি দেওয়া যাবে।

তিনি আরও বলেন, এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে এ এলাকার লোকজন আর বন্যাকবলিত হবে না। তিনি এ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে বলেন, দেশের জন্য আমরা এ রকম অনেক বড় প্রকল্প হাতে নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ প্রমুখ।