জয়ললিতা হতে ১০ কেজি ওজন বাড়িয়েছেন কঙ্গনা!

বায়োপিক ছবি থালাইভিতে জয়ললিতার চরিত্রে অভিনয়ের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছেন কঙ্গনা রনৌত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানান পরিচালক বিজয় লডস।

তিনি বলেন, ‘কঙ্গনা অত্যন্ত বিচক্ষণ অভিনেত্রী। কাজের প্রতি তার মনযোগ দেখে আমি অভিভূত। বলিউডে প্রথম সারি অভিনেতাদের মধ্যে খুব কমই আছেন যারা ১০ কেজি ওজন বাড়াতে রাজি হয়।’

বিজয় আরও বলেন, ‘শুটিং ফ্লোরে প্রতিটি বিষয়ে তিনি নিজের ইনপুট দিতেন। উদাহরণ হিসেবে বলা যায়, এই ছবির জন্য ক্ল্যাসিক্যাল ড্যান্সের তালিম নিতে হয়েছে তাকে।’

প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি বলেন, ‘থালাইভি অত্যন্ত প্রিয় একটা প্রজেক্ট, গল্পটা বলাও বেশ জরুরি। আর যেভাবে কঙ্গনা চরিত্রটার মধ্যে ঢুকে গিয়েছে সেটা অনবদ্য। দর্শকের সামনে ছবিটা নিয়ে আসার ধৈর্য রাখতে পারছি না।’

তবে বলিউডভিত্তিক সাইট মিড-ডে জানায়, পর্দায় জয়ললিতা হয়ে হাজির হতে হরমোন ট্যাবলেট খেয়ে ওজন বাড়িয়েছেন কঙ্গনা রনৌত।

তাদের এই নায়িকা বলেছিলেন, ‘ভরতনাট্যম শিল্পী হওয়ার কারণে জয়ললিতার চেহারা সুন্দর ছিল। পিলের প্রয়োজন ছিল যাতে সেই চেহারা, বিশেষত ঊরু এবং পেটের চারপাশটা একরকম আনতে পারি। আমি লম্বা এবং স্কিনি, আমার মুখ কৌণিক, গোলাকার নয়। তাই আলাদা দেখতে আমাকে হরমোন পিলের হালকা ডোজ নিতে হয়েছিল। এ ছাড়া ওজন বাড়ানোর জন্য খাবার খাওয়া শুরু করেছিলাম।’

প্রসঙ্গত, ২০২০ সালের ২৬ জুন মুক্তি পেতে চলেছে থালাইভি।