এ বছরে অস্কার শুধু রেনে জেলেগার, হোয়াকিন ফিনিক্স, ব্র্যাড পিট পাননি পেয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরাও। কী তাজ্জব হচ্ছেন!
হ্যাঁ, এমনই এক রসিকতা করল ভারতের বিরোধী দল কংগ্রেস। তারা দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ক্ষমতাসীন বিজেপি নেতাদের দিয়েছে অদ্ভুত এক অস্কার পুরস্কার।
তাদের নাম ঘোষণা করা হয়েছেও অস্কারের মতোই- ‘অ্যান্ড দ্য অস্কার ফর দ্য বেস্ট অ্যাক্টর ইন অ্যাকশন রোল গোজ টু নরেন্দ্র মোদি।’
সংবাদ প্রতিদিন জানায়, সোমবার অস্কারের মঞ্চে যখন গোটা বিশ্ব একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল তখন এমন বিদ্রূপাত্মক কাণ্ড ঘটালো কংগ্রেস।
নিজেদের মতো ক্যাটাগরি তৈরি করে বিজেপি নেতাদের অস্কারের তালিকা তৈরি করে সোনিয়া গান্ধীর দল। আর তা পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রথম অস্কারটি গেছে অ্যাকশন চরিত্রে সেরা অভিনয়ের জন্য। এই বিভাগে মনোনীত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ভোপালের সাংসদ সাক্ষী প্রজ্ঞা সিং ঠাকুর। তবে নিজ দলের দুই অধস্তন নেতাকে হারিয়ে এই পুরস্কারটি জিতে নেন মোদি।
মোদিকে অস্কার দেওয়ার কথা ঘোষণা করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পুরস্কার জিততে হলে ৫৬ ইঞ্চির ছাতি থাকতে হয়।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পেয়েছেন অস্কার। তবে তাকে দেয়া হয়েছে সেরা খলনায়কের পুরস্কার। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এই বিভাগে বাকি দু’জনকে অনায়াসে হারিয়ে দিয়ে অস্কার হাতিয়ে নেন শাহ।
তার পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস লিখেছে, ‘গব্বর, মোগ্যাম্বোরা এখন অতীত। নতুন ভারতের প্রয়োজন অমিত শাহকে।’
কৌতুক চরিত্রে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দুই কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়ে দিয়ে এবারের সেরা কৌতুক অভিনেতা হলেন মনোজ তিওয়ারিকে।
এ ছাড়া সেরা নাটকীয় চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের এই অস্কার ঘোষণা ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনরাও রসিকতা করতে ছাড়ছেন না।