অবশেষে অস্কার পেলেন ব্র্যাড পিটও। মঞ্চে অ্যান্ড দ্য অ্যাওয়ার্ডস গো'জ টু....বলার পর ব্র্যাড পিটের নাম ঘোষণা হতেই তাকে জড়িয়ে ধরলেন আরেক হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাতে সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে অস্কার জিতেছেন কিংবদন্তি এই অভিনেতা। ডলবি সভাগৃহে তখন হাততালির ঝড়। সেই মুহূর্তে দুই মার্কিন তারকার এমন আলিঙ্গন দারুণ সাড়া ফেলেছে সংবাদমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই ছবি ভাইরাল হয়েছে। ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউডে ব্র্যাডের সহঅভিনেতা ছিলেন লিওনার্দো। ফলে সিনেমাটির জন্য পিট পুরস্কৃত হতেই উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি তিনি।
দুই অভিনেতার ব্রোমান্স দেখে আপ্লুত নেটিজেনরা। অনেকে রসিকতা করেন, বেস্ট হাগ বিভাগ রাখা উচিত ছিল এবার অস্কারে।
এদিকে অস্কারে সেরা অভিনেতার তালিকা মনোনয়ন পেয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিও’র নামও। কিন্তু, ‘জোকার’র জোয়াকিন ফিনিক্স ছিনিয়ে নেন সেরা অভিনেতার সম্মান।
প্রসঙ্গত, তিন দশক ধরে অভিনয়ের পর এই প্রথম অস্কার পেলেন ব্র্যাড পিট। এর আগে সেরা প্রযোজকের সম্মান পেয়েছিলেন ‘১২ ইয়ার্স এ স্লেভ’র জন্য।