সিডনিতে রেকর্ড বৃষ্টিপাত

অস্ট্রেলিয়ার সিডনি শহরে ৩০ বছরের রেকর্ড ভেঙেছে বৃষ্টি। সেখানে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। ফলে বিঘিœত হচ্ছে সড়ক, রেল ও ফেরি যোগাযোগ। পাশাপাশি কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হচ্ছেন।

বিবিসি বলছে, গত চার দিনে ৩৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিডনিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার সকালে সিডনির রেল ও ফেরি চলাচল বিঘিœত হয়েছে। সিডনির প্রধান স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম পানিতে তলিয়ে গেছে। শহরটির বহু স্কুল বন্ধ রাখা হয়েছে। এই বিশৃঙ্খলা এড়াতে সোমবার সিডনিবাসীদের কাজে না গিয়ে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে জরুরি সেবা বিভাগগুলো। রাজ্যের দুর্যোগমন্ত্রী ডেভিড এলিয়ট সতর্কবার্তাগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য সিডনিবাসীদের অনুরোধ করেছেন। শহরটির নিম্নাঞ্চলে বসবাসরত কয়েক হাজার লোককে তাদের ঘরবাড়ি ছাড়তে অথবা ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রবল এ বৃষ্টিপাতের কারণে মারাত্মক হড়কা বানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা।