হবিগঞ্জে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষকের জেল

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রে উত্তর লিখে সরবরাহের দায়ে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। দন্ড-প্রাপ্তরা হলেন পঞ্চাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নাসিরউদ্দিন, একই স্কুলের ইংরেজি বিষয়ের প্রভাষক দ্বিপন চন্দ্র পাল ও সহকারী শিক্ষক কামালউদ্দিন।

গত রবিবার রাত ৯টায় হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান জানান, রবিবার দুপুরে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রে উত্তর লিখে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিলেন ওই তিন শিক্ষক। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের হাতেনাতে ধরে ফেলেন। পাশাপাশি উদ্ধার করা হয় উত্তর লেখা ১১৭টি প্রশ্নপত্র। তিনি আরও জানান, রাতে ভ্রাম্যমাণ আদালতের সামনে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেছেন।