যুবলীগ নেতাকে ট্রাকচাপা

পিরোজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মল্লিকবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম জেমী (৩৫) পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরে ছেলে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শংকরপাশা ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক জানান, সোমবার দুপুর ১২টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন জেমী। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেমীর মৃত্যু হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা রহিম ও ইলিয়াস নামে আরও দুইজন আহত হন।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, জেমীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ওই ট্রাকটিসহ একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরও ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মাদারীপুরের ডাসারে বাসের ধাক্কায় নসিমন চালক ও শিবচরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ধামরাইয়ের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। ভোলার বোরহানউদ্দিনে একটি মালবাহী ট্রলিচাপায় এক পথচারী নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরেÑ

মাদারীপুরে বাস-ট্রাকচাপায় নিহত ২: মাদারীপুরের পৃথক স্থানে বাস ও ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার দুপুরে ডাসারের ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় নসিমন চালক করিম খান (৩৫) ও গত রবিবার রাতে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক শাহাদাৎ খলিফা (২২) নিহত হয়েছেন।

শাহাদাৎ শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি গ্রামের হাচিলত খলিফার ছেলে। তিনি ঢাকার একটি হোটেলে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে শাহিন বেপারি (৩০) নামে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাহাদাৎ। ঢাকা-খুলনা মহাসড়কের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে একটি স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের দুজনকে চাপা দিলে শাহাদাৎ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় শাহিন বেপারিকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এদিকে ডাসারের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নসিমন চালক করিম খান বরিশালের দক্ষিণ মাগুরা গ্রামের নাজির খানের ছেলে। সোমবার দুপুরে ওই নসিমনটি কালকিনি থেকে মাদারীপুরের উদ্দেশে রওনা দেয়। পথে কর্ণপাড়া নামক স্থানে একটি বিআরটিসি বাসের সঙ্গে ধাক্কা লেগে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক করিমের মৃত্যু হয়।

ডাসার থানার ওসি আব্দুল ওহাব জানান, দুর্ঘটনার পরপরই নসিমন ও বিআরটিসি বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাইয়ে বাসচাপায় নারী নিহত : ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এতে বাসচালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম (৩২) একই এলাকার ইদ্রিস আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন ওই নারী। তাদের বহনকারী অটোরিকশাটি মহিষাসী বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী ও বাসটির চালকসহ ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জহুরাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার এসআই মো. আবু সাইদ দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনার পরপরই বাস ও চালককে আটক করা হয়েছে। ওই নারীর মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় ট্রলিচাপায় পথচারী নিহত : ভোলার বোরহানউদ্দিনে একটি মালবাহী ট্রলিচাপায় মো. আলাউদ্দিন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন আলাউদ্দিন। এ সময় ভোলা থেকে বোরহানউদ্দিনের দিকে আসা একটি মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহতের তার লাশ উদ্ধার ও দুর্ঘটনায় দায়ী ট্রলিটি জব্দ করা হয়েছে।