বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় এই দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন। যুবাদের নিয়ে গর্বিত দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক এদিনই ধারাবাহিক বাজে পারফরম্যান্সের জন্য মূল জাতীয় দলকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি। সেই সঙ্গে আবার সবকিছুতে হস্তক্ষেপের প্রকাশ্য ঘোষণাও দিয়েছেন নাজমুল হাসান।
রবিবার দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে আকবর আলির বাংলাদেশ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার ফাইনালে উঠেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যুবা দলের অর্জন নিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘এটা আমি মনে করি শুধু ক্রিকেট নয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় অর্জন।’
কাল বুধবার সকালে চ্যাম্পিয়ন দল ফিরবে দেশে। বিমানবন্দরে নিজে সদলবলে দলকে অভ্যর্থনা দেবেন জানিয়ে বললেন, ‘তারা বাড়ি ফিরতে মুখিয়ে আছে। পরিবারের সঙ্গে দেখা করতে চায় যত দ্রুত সম্ভব। আমরা এয়ারপোর্টে যাব তাদেরকে রিসিভ করতে।’
সংবর্ধনা দেওয়ার কথা এখন জানালেন না। তবে বুধবার বিমানবন্দরে যুবাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে পাপন বলেছেন, ‘আস্তে আস্তে এই খেলোয়াড়দের হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে এবং অনেকে হারিয়ে গেছেও। সেজন্য আমরা ওদেরকে নিয়ে পরিকল্পনা করেছি। আগে থেকেই করা আছে। কিন্তু কী করব সেটা আজকে (সোমবার) বলব না। ওরা বুধবার ঢাকা পৌঁছালে আপনাদের জানাব।’
যুবাদের সর্বোচ্চ সাফল্যে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদের ভূয়সী প্রশংসা করে নাজমুল হাসান বলেছেন, ‘যারাই সবচেয়ে বেশি কাজ করে এবং শুধু ক্রিকেট নিয়ে কাজ করে অন্য কোনো চিন্তা নেই মাথায় তাদের কপালই এমন হয়। আজকে বলেছি বোর্ড থেকে যদি কাউকে সম্মান দেওয়া উচিত সেটা হচ্ছে খালেদ মাহমুদ।’
গতকাল সকালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের কাছে টেস্টের চতুর্থ দিনের সকালে বাংলাদেশের ইনিংস পরাজয় নিশ্চিত হয়েছে। জাতীয় দলের এই টানা বাজে পারফরম্যান্স আর নিতে পারছেন না বোর্ড সভাপতি, ‘জাতীয় খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট সবার সঙ্গে কথা বলার সময় হয়েছে।’ এর সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তার উচ্চারণ, ‘আমি এগুলো থেকে একটু সরে আসতে চেয়েছিলাম। আপনাদের বারবার বলেছি। গত দুই বছর ধরে বলছি, আমি আগের মতো সম্পৃক্ত না। ওদের এতদিনে শিখে যাওয়ার কথা। এখন মনে হচ্ছে সব কিছুতেই সম্পৃক্ত হতেই হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।’