নবাবগঞ্জে ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কনের বাড়িতে হামলার ঘটনায় আহত বিশখা বাড়ৈ (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়।

বিশখা বাড়ৈ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা চকপাড় এলাকার অনিল বাড়ৈর স্ত্রী। বুধবার সকালে পরিবার থেকে ওই নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন বিশ্বাস জানান, ২/৩ দিনের মধ্যে মৃত্যু সনদ আদালতে জমা দেওয়া হবে। এর মাধ্যমে চলমান মামলায় ৩০২ ধারা সংযুক্ত করবে আদালত।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা চকপাড় এলাকার অনিল বাড়ৈর মেয়ে আণিকা বাড়ৈর বিয়ের দিন ছিল। ভোর রাতে সাবেক স্বামীর পরিবারসহ ১২-১৩ জনের একটি দল বাড়িতে হামলা চালিয়ে অনিল বাড়ৈ (৬৫), রণজিৎ বাড়ৈ (২৫), বিশখা বাড়ৈ (৫৫), পূর্ণিমা বাড়ৈকে (১৮) কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।