শরিয়ত বয়াতিকে কেন জামিন নয়: হাইকোর্ট

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরের শরিয়ত বয়াতিকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।

জামিন আবেদনের শুনানি শেষে বুধবার বিচাপরতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে শরিয়ত বয়াতির পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল-নোমান ও মনিরা হক মনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াসউদ্দিন আহমেদ।

গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ’র ১০ম বাৎসরিক মিলনমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে শরিয়ত বয়াতির বিরুদ্ধে।

পরে ৯ জানুয়ারি মির্জাপুর থানায় মামলা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম। শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

টাঙ্গাইলের আদালত গত ২৯ জানুয়ারি শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর করলে তার আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন।