মাজিয়ার মাঠে ড্র করে আবাহনীর বিদায়

পরের ধাপে পা রাখতে হলে কঠিন সমীকরণ মেলাতে হতো আবাহনী লিমিটেডকে। ড্র করলেও সেটি হতে হতো ন্যূনতম ৩-৩ গোলের। কিন্তু মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে বুধবার অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করেছে আকাশি-নীলরা।

ফলে এএফসি কাপের প্রাক বাছাই পর্বের প্লে-অফ রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হলো আবাহনীর।

এর আগে ঘরের মাঠে মালদ্বীপের ক্লাবটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবাহনী। দুই লেগ মিলে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে পরের পর্বের টিকিট কাটল মাজিয়া।

অথচ এএফসি কাপের গত আসরে আবাহনী লিখেছিল ইতিহাস। দেশের প্রথম ক্লাব হিসেবে খেলেছিল ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনাল। আর এবার প্লে-অফ থেকেই বিদায় নিতে হলো তাদের।