সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা তদন্তে ব্যর্থতা নেই দাবি করে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, মার্ডার কেসের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশেও কোনটির ক্লু তাৎক্ষণিক পাওয়া যায়, আবার কোনটিতে সময় লাগে। প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে।
বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসে ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের চাপের মুখে নেই। এই মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা পরিবর্তনের বিষয়টি আদালতের। তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য পরিবার আদালতে আবেদন করতে পারেন। আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে।
পুলিশ প্রধান বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়েছে। পুলিশের তালিকায় বিষয়টি উঠে এসেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এই ধরনের অপরাধ প্রতিরোধ করতে হবে। এ ধরনের ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ব্যাধি মোকাবিলায় প্রতিটি পরিবারের ছেলে মেয়েকে সেই লক্ষ্যে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুপার আ. রাকিবসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তারা।