বিশ্বজয়ীদের নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের হারিয়ে যেতে দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলী, তৌহিদ হৃদয়দের বড় মঞ্চের জন্য আরো শক্তভাবে তৈরি করতে চায় বোর্ড। যুবারা বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে ট্রফি নিয়ে ফেরার পর তাদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথাই সংবাদমাধ্যমকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার বিকেল পৌনে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরে আকবর আলীর দল। সেখানে লাল-সবুজের প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্যান্য কর্মকর্তারা।

এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে বিশ্বজয়ী যুবাদের দেওয়া হয় সংবর্ধনা।

সংবর্ধনা শেষে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী, কোচ নাভিদ নেওয়াজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় তিনি বলেন, ‘ওদেরকে বলেছি আর্থিক কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুধু খেলায় মনোযোগ দেওয়ার জন্য বলেছি। আগেও অনূর্ধ্ব-১৯ দল এসেছে, এদের থেকে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি) যেতে পারত কেউ কেউ। বাকিরা কিন্তু অনেকেই হারিয়ে গেছে। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ একটা ইউনিট গঠন করব। এই অনূর্ধ্ব-১৯ দলকে আরো দুই বছর বিশেষ অনুশীলনের ব্যবস্থা করব।’

অনূর্ধ্ব-২১ দলে থাকার সময় প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতনও পাবেন আকবররা। বিসিবি সভাপতি বলেন, ‘এই দুই বছর তাদের প্রত্যেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে বোর্ড থেকে পাবে। যেটা আগে কখনো হয়নি।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এটা দুই বছরের চুক্তি। এরপর নতুন করে চুক্তি করা হবে। যদি আমরা দেখি ওরা উন্নতি করছে, ভালো করছে, অবশ্যই এটাকে নবায়ন করা হবে। কারো মধ্যে যদি দেখি উন্নতি হচ্ছে না, তাকে চুক্তি থেকে বাদ দেওয়া হবে।’