কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর হাতিরপুল এলাকায় দাম্পত্য কলহের জেরে সাজেদা (৩৫) নামে এক গৃহবধূকে তার স্বামী খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিরপুলের একটি ভাড়া বাসায় এ খুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে কলাবাগান থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

অভিযুক্ত স্বামী ফেরদৌসকে (৪০) আটক করেছে পুলিশ। স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন তিনি। পেশায় রিকশা চালক ফেরদৌসের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবরে। ৯ ও ৭ বছর বয়সী দুই ছেলে রয়েছে তাদের।

কলাবাগান থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘হাতিরপুল এলাকার ভূতের গলিতে সাজেদা নামের এক গৃহবধূকে তার স্বামী ফেরদৌস খুন করে রুমের মধ্যেই বসে ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে জানিয়েছে ফেরদৌস। স্ত্রী পরকীয়া করে এমন সন্দেহ ছিল তার। বিষটি নিয়ে তাদের গ্রামের বাড়িতে একবার সালিসও হয়েছে বলে জানিয়েছে সে।