উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মংকিউ তংচঙ্গা (২৫) নামের এক ইয়াবা পাচারকারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকার নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি বন্দুক ও ৩টি গুলি উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নিহত মংকিউ তংচঙ্গা (২৫) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী এলাকার চাচিংহ্লা তংচঙ্গার ছেলে।

লে. কর্নেল আলী হায়দার বলেন, ‘বৃহস্পতিবার ভোরে মিয়ানমার সীমান্তের উখিয়ার বালুখালীর পানবাজার সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ এলাকার বেড়িবাঁধ দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অবস্থান নেয়।

একপর্যায়ে ভোরে বেড়িবাঁধ দিয়ে মিয়ানমারের দিক থেকে ৫/৬ জন সন্দেহজনক লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় সন্দেহজনক লোকজন বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে সন্দেহজনক ইয়াবা পাচারকারিরা গুলি ছুড়তে ছুড়তে রাতের অন্ধকারে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৩টি গুলি।’

আলী হায়দার বলেন, ‘বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করেন।’

বিজিবির দাবি, নিহত মংকিউ তংচঙ্গা একজন চিহ্নিত মাদক পাচারকারি। তিনি মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা পাচারে সক্রিয় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।’