চাঁদপুরে ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জেতা মাহমুদুল-শামীম

নিজ জেলা চাঁদপুরে ফিরতেই সংবর্ধনা আর ভালোবাসায় সিক্ত হলেন বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই সদস্য মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে গত রোববার যুব বিশ্বকাপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বুধবার দেশে ফিরলে ঢাকার বিমানবন্দরে ও বিসিবি কার্যালয়ে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয় আকবর আলিদের।

বৃহস্পতিবার নিজ নিজ বাড়িতে ফেরে বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। মাহমুদুল ও শামীম নিজ জেলা চাঁদপুরে ফিরেই ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়। বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্যকে একাধিক সংবর্ধনা দেওয়া আর মিষ্টি বিতরণের মাধ্যমে মেতে উঠে চাঁদপুরবাসী।

তাদের বরণে সকাল থেকেই ভিড় ছিল চাঁদপুর লঞ্চঘাটে। কখন আসবে চাঁদপুরের দুই বীর সন্তান! লঞ্চঘাটেই দুই বিশ্বকাপ জয়ীকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুলে ফুলে সিক্ত করে স্থানীয়রা।

পরবর্তীতে চাঁদপুর পৌরসভা, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের সাথে নিয়ে শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।

শহরের তালতলা এলাকার ক্রিকেটপ্রেমী সোহান আহমেদ বাবুল ও নাজিরপাড়া এলাকার সাইদ হোসেন পাপ্পু বলেন, “জয় ও শামীম আমাদের গর্ব। তাদের হাত ধরে চাঁদপুরের নাম সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আমাদের প্রত্যাশা তারা নিজেদের পারফরম্যানসের ধারাবাহিকতা বজায়ে রেখে ভবিষ্যতে জায়গা করে নেবে জাতীয় দলে।

বিশ্বকাপ জয়ে মাহমুদুল ও শামীমের অবদনে আনন্দে আত্মহারা তাদের পরিবারের সদস্যরা। ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে যেন জাতীয় দলে জায়গা করে নিতে পারে সে জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা।