ক্রনিয়েকে অন্ধকার পথে আনা সেই জুয়াড়ি এখন ভারতে

হ্যানসি ক্রনিয়েকে বুকিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া সঞ্জীব চাওলাকে ভারতের হাতে তুলে দিয়েছে যুক্তরাজ্য। তাকে বৃহস্পতিবার ভারতে নিয়ে আসা হয়।

১৯৯২ সালে স্বাক্ষরিত হওয়া ভারত-ব্রিটেন প্রত্যর্পণ চুক্তির আওতায় দুই দেশ এই সিদ্ধান্তে আসল।

২০০০ সালে ম্যাচ গড়াপেটার জন্যে দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের সঙ্গে বুকিদের যোগাযোগ করিয়ে দেন ৫০ বছর বয়সী সঞ্জীব চাওলা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তাকে দিল্লির তিহার জেলে রাখা হবে।

সম্প্রতি ইংল্যান্ডের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ সঞ্জীবকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতিপত্রে স্বাক্ষর করলে মানবাধিকার আদালতের দ্বারস্থ হন তিনি। কিন্তু তার আবেদন খারিজ হয়ে যায়।

২০০০ সালের ৭ এপ্রিল দিল্লি পুলিশ প্রথম ক্রনিয়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনে। সে বছরই ১৫ জুন ক্রনিয়ে ম্যাচ গড়াপেটার কথা স্বীকার করেন।

তদন্ত চলাকালীন ২০০২ সালের ১ জুন বিমান দুর্ঘটনায় মারা যান ৩২ বছর বয়সী ক্রনিয়ে।

তারপরেও অবশ্য চার্জশিটে ক্রনিয়ের নাম ছিল। ২০১৩ সালে দিল্লি পুলিশ যে চার্জশিট দেয়, সেখানে ক্রনিয়ের সঙ্গে সঞ্জীব চাওলার নামও রাখা হয়। চাওলা তার বহু বছর আগেই অবশ্য লন্ডনে চলে যান।

ব্রিটেনের আদালতের নথিতে সঞ্জীবকে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হিসেবে বর্ণনা করা হয়েছে।