তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে শ ম রেজাউল করিমকে করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে একই মর্যাদায় গৃহায়ন ও গণপূর্তে পাঠানো হয়েছে। আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে পাঠানো হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের প্রজ্ঞাপন জারি করে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেন। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা শ ম রেজাউল করিম
একাদশ সংসদে প্রথম দফায় এমপি নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেন। তিনি গৃহায়ন ও গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। এই রদবদলের ফলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী নেই। ২০১৪ সালের পর আবার একজন প্রতিমন্ত্রীকে গণপূর্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান খান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ছিলেন ।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। গত বছরের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়। আর মন্ত্রী মোস্তাফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বে রেখে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এই মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ইসলামকে স্থানীয় সরকার বিভাগে রেখে প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এরপর মন্ত্রিসভায় দুই প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের ১২ জুলাই ইমরান আহমেদকে প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।
দ্বিতীয় ধাপে একজনের পদোন্নতি এবং একজনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভায় এখন পূর্ণমন্ত্রীর সংখ্যা ২৫ জন। এছাড়াও রয়েছেন ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।