নির্ভয়ার ধর্ষকদের শুনানির সময় জ্ঞান হারালেন বিচারপতি

নির্ভয়াকাণ্ডে দণ্ডিতদের নিয়ে শুনানি চলাকালীন আদালত কক্ষেই অজ্ঞান হয়ে গেলেন বিচারপতি আর ভানুমতী।

চার দোষীকে একে একে ফাঁসিতে ঝোলানো নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার তা নিয়ে শুনানি চলাকালীনই জ্ঞান হারিয়ে ফেলেন ভানুমতী। তড়িঘড়ি তাকে নিজের চেম্বারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক শুশ্রূষার পর জ্ঞান ফেরে।

আইন অনুযায়ী একই অপরাধে দণ্ডিতদের ফাঁসি এক সঙ্গে কার্যকর করতে হয়। কিন্তু নির্ভয়া কাণ্ডে দণ্ডিতরা আলাদা আলাদা করে নানাভাবে আইনি ফাঁক খুঁজে ফাঁসির প্রক্রিয়ায় দেরি করছে। তাই চার জনকে আলাদা আলাদাভাবে ফাঁসি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেদেশের কেন্দ্রীয় সরকার।

এ দিন বিচারপতি ভানুমতীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে কেন্দ্রের সেই আবেদনের শুনানি চলছিল। তখনই বিপত্তি বাধে। আগামী ২০ ফেব্রুয়ারি ফের এই আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

দিল্লিতে ২০১২ সালে জ্যোতি সিং পাণ্ডে নামের মেডিকেলে পড়া এক তরুণী চলন্ত বাসে ধর্ষণের শিকার হন। ১৩ দিন বাদে তিনি মারা যান। ২৩ বছরের ওই তরুণী ভারতজুড়ে নির্ভয়া নামে পরিচিতি পান।