ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফিল্মি স্টাইলে আক্রমণ করে আবু বকর সিদ্দিক ওরফে রকেট মেম্বার নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে ককটেল ফাটিয়ে, কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের প্রাতবাজারে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক স্থানীয় বেপারিপাড়া এলাকার মৃত চমক বেপারির ছেলে। তিনি সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে প্রাতবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসা ছিলেন সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক রকেট মেম্বার। এ সময় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলমের লোকজন অতর্কিত হামলা করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এ সময় রকেট মেম্বার প্রাণ বাঁচাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। মৃত ভেবে ফেলে গেলে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি সাহাদাৎ হোসেন বলেন, শাহ আলম মেম্বারের ৪ সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।