মন্ত্রী এমপির বাড়ির পাশে নয়, উন্নয়ন প্রকল্প হবে জনগণের সুবিধায়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাওরের মানুষের প্রতি ব্যক্তিগত আগ্রহ রয়েছে। তিনি হাওরবাসীর  উন্নয়নে কাজ করতে আগ্রহী। তাঁর কথা হলো সব কাজ হবে মানুষের কল্যাণে। বড় উন্নয়ন প্রকল্প কোন মন্ত্রী বা এমপির বাড়ির পাশে হবে এমন কোন নিয়ম বর্তমান সরকার মানে না। উন্নয়ন প্রকল্প সেখানেই করা হবে যেখানে জনগণ বেশি সুবিধা পাবে, গরিব মানুষের উপকারে আসবে।  

শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইড়ে ১১শ ৭৮ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এটি সুনামগঞ্জের সবচেয়ে বড় প্রকল্প। অতীতে এত বড় প্রকল্পের কাজ আর সুনামগঞ্জে হয়নি। হাওর এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে।  যত দ্রুত সম্ভব এই মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় প্রতিষ্ঠা এবং রেললাইন সম্প্রসারণের কাজও প্রক্রিয়াধীন আছে।

পরিকল্পনামন্ত্রী এর আগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নির্মাণাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, হাওরবাংলা অডিটোরিয়াম ও খাদ্যগুদামের কাজ পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আল আমিন, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমশাদ বেগম, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।