নিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীকে র্যাগিংয়ের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকি।
গত শুক্রবার সন্ধ্যায় উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার বিভাগের তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রাথমিক তদন্তে র্যাগিংয়ের প্রমাণ পেয়েছি। তাই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ পরে অধিকতর তদন্তের মাধ্যমে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য।
জানা যায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম সাকিবকে তার বিভাগের তিন সিনিয়র শিক্ষার্থী সিলেট শহরের পাঠানটুলা এলাকার একটি মেসে নিয়ে গিয়ে র্যাগিং করেন। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন, গালিগালাজ এবং বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি করতে বলেন। পরে ভুক্তভোগী ছাত্র তাদের বিরুদ্ধে অভিযোগ দেন।