বুমরাহর সমালোচকদের ওপর ক্ষেপেছেন শামি

যশপ্রিত বুমরাহর সমালোচকদের ওপর দারুণ ক্ষেপেছেন মোহাম্মদ শামি। রাখঢাক না করেই বলেছেন অনেকে টাকার জন্য ক্রিকেটারদের সমালোচনা করে। পিঠের ইনজুরি কাটিয়ে ফেরার পর বুমরাহর ফর্ম ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো উইকেট পাননি বুমরাহ।

এতেই সমালোচকরা বলতে শুরু করেন ভারতীয় পেসার আর আগের মতো ভয়ংকর নেই। এই সমালোচকদের ওপর ক্ষুব্ধ শামি বলেছেন, ‘মাঠের বাইরে থেকে কারও সমালোচনা করা খুব সোজা। কিন্তু দলে ফেরার জন্য প্রচণ্ড মানসিক শক্তির দরকার হয়। এখন অবশ্য ক্রিকেটারদের সমালোচনা করেই টাকা কামাচ্ছে অনেকে। দেশের হয়ে বুমরাহ যা অবদান রেখেছে, তা কীভাবে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। উপেক্ষা বা করা যায় কীভাবে? বুমরাহকে নিয়ে কথা বলছে ঠিক আছে, কিন্তু তিন-চারটে ম্যাচেই কি ফলাফল পাওয়া যায়? আমার মনে হয় ইতিবাচক দিকগুলোই দেখা উচিত।’ কারণ তাতেই উপকার হয় ক্রিকেটারদের।’ নিজের ফর্ম নিয়ে শামি বলেছেন, ‘ লাল বল নাকি সাদা বলে খেলছি, তা ভাবি না। কারণ, নিজের স্কিল সম্পর্কে ধারণা রয়েছে আমার। সবাই এখন পরিণত আর অভিজ্ঞ। উইকেট পাই বা না পাই, ভালো জায়গায় বল করে যেতে হবে আমাদের। প্রত্যেক সংস্করণেই অভিজ্ঞতার মূল্য রয়েছে। কারণ, চাপের মধ্যে তা হলেই আতঙ্ক এড়ানো যায়। অভিজ্ঞদের সঙ্গে নতুনরা থাকলে দ্রুত তারা পরিণত হয়।’ ২১ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত।