শ্রীলঙ্কার সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং ২০০৯ সালের গৃহযুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড চালানোর অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে সিলভা ও তার পরিবার যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। গত শুক্রবার মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ ও অন্য সংগঠনগুলো সিলভার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ করেছে সেগুলো গুরুতর এবং বিশ্বাসযোগ্যও।

গত বছর আগস্টে সিলভা সেনা কমান্ডার নিযুক্ত হওয়ার সময় যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হন। এর আগে তারা সেপ্টেম্বরেই শ্রীলঙ্কার সেনাবাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দিয়েছিল।

২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনীর একটি ডিভিশনের নেতৃত্ব দিয়েছিলেন এই সিলভা।