বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া এবং রাখাইনে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শান্তি পরিষদ নামে একটি সংগঠন। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তি পরিষদের নেতারা এসব দাবি জানান।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, আন্তর্জাতিক আদালতের অন্তর্বর্তীকালীন রায়ের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিশ্ববাসীর নজরে এসেছে। কিন্তু এই অপরাধের বিচার এখনো হয়নি।
শান্তি পরিষদের নেতারা বলেন, প্রাণভয়ে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গারা বাংলাদেশের ওপর বিরাট অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, যা বাংলাদেশের পক্ষে বহন করা অসম্ভব। এ ছাড়া বাংলাদেশে বিরাট নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ফলে এ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।
শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান খান, সভাপতিম-লীর সদস্য শাহাদাত হোসেন, এস এম সবুর, মমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।