রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মদিনে তার কর্মস্থল সরকারি ব্রজমোহন কলেজ মাঠে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু হয়েছে। কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’ মেলার আয়োজক।
রবিবার বেলা সাড়ে ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া।
উত্তরণের সভাপতি জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার, কবি ও শিশু সংগঠক নজরুম হোসেন আকাশ, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, ইংরেজির শিক্ষক সঙ্গীতা সরকার, উত্তরণের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠান মঞ্চে সঙ্গীতা সরকারের কাব্যগ্রন্থ ‘জীবন এক জ্যামিতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাদেকুল আরেফিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।