অচেনা কিউআর কোডে বিপদ

অপরিচিত কেউ যদি কুইক রেসপন্স (কিউআর) কোড পাঠান তবে সেটি স্ক্যান না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ গায়েব হয়ে যাওয়ার শঙ্কা থাকে বিষয়টিতে। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ই-মেইল বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিউআর কোড পাঠিয়ে সব তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। বিষয়টি নিয়ে সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কবার্তা দিয়েছে।

ভারতীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক নবদ্বীপ সিং ভার্ক জানান, বর্তমানে স্মার্টফোন ও মোবাইল পেমেন্টের ক্ষেত্রে একাধিক মোড ব্যবহার করা হচ্ছে। সাইবার হ্যাকাররা এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছে। নতুন নতুন নানা প্রতারণার মাধ্যম তৈরি করছে তারা। জনসাধারণকে অনলাইনের প্রতিটি পেমেন্টের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে। 

প্রতারণার ক্ষেত্রে প্রতারক দল শুরুতে অনলাইনে পণ্য বিক্রেতার বেশ ধারণ করে কিউআর কোড পাঠায়। অনলাইনে অর্থ পরিশোধ করার জন্য কোড স্ক্যান করা জরুরি বলে জানায় তারা। না বুঝে সেই কোডটি স্ক্যান করলেই অ্যাকাউন্টে থাকা অর্থ তারা কেটে নেয়। নিশ্চিত না হয়ে অপরিচিত কোনো উৎস অর্থাৎ ই-মেইল, হোয়াটসঅ্যাপ, টেক্সট বার্তা বা কিউআর কোড স্ক্যান করা উচিত নয়।