শান্তর ডাবল সেঞ্চুরিতে ফাইনালের স্বপ্ন মধ্যাঞ্চলের

প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে অনেক পিছিয়ে থেকেও নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। তাদের কৌশলটা ভুল প্রমাণ হয়েছে আগের দিনই। সেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল হোসেন শান্ত এদিন ডাবল সেঞ্চুরি তুলে নিলেন। তাতে তৃতীয় দিন শেষে মধ্যাঞ্চল রয়েছে জয়ের পথে। একই সঙ্গে বোনাস পয়েন্ট নিয়েই ফাইনালের স্বপ্ন দেখছে দলটি।

৫০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। এখনো ৩৪৮ রানে পিছিয়ে তারা। ওপেনার এনামুল হক বিজয় ৮৩ রানে ফিরে গেছেন। শামসুর রহমান শুভ ৪৪ ও নাসুম আহমেদ ১ রানে অপরাজিত আছেন।

এর আগে ৬ উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৮৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি।

শান্ত ২৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৩১০ বলে ২৫ চার ও ৯ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান রকিবুল হাসানের। এ ছাড়া জাবিদ হোসেন ৩৬ রান করেন। দক্ষিণাঞ্চলের পক্ষে সর্বাধিক ৪ উইকেট পেয়েছেন নাসুম আহমেদ।

এর আগে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল করেছিল ২৩৫ রান। বিপরীতে ৪ উইকেটে ১১৪ রানেই দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয়। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের বোনাস পয়েন্ট পাওয়া ঠেকানো।

বিসিএলের নিয়ম অনুযায়ী কোনো দল ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট নিতে পারলে ০.৫ বোনাস পয়েন্ট পায়। ১০ উইকেট পেলে ১.৫। যে সুযোগটা ছিল মধ্যাঞ্চলের সামনে। প্রতিপক্ষের কৌশলে সেটি না পেলেও টানা দুই জয়ের পথ তাদের খোলা এখন। সে ক্ষেত্রেও বোনাস পয়েন্ট হিসেবে ১ পয়েন্ট পেয়ে যাবে তারা।

ফলে সব মিলে ফাইনাল খেলার খুব ভালো সম্ভাবনাই এখন মধ্যাঞ্চলের সামনে। তৃতীয় স্থানে থেকে যারা তৃতীয় রাউন্ড খেলতে নেমেছিল। আর শীর্ষে থেকে খেলতে নামা দক্ষিণাঞ্চল ফাইনাল থেকে বাদ পড়ার শঙ্কায়।