সাবেক ইউপি সদস্যকে চোর বলায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার শাজাহানপুরে সাবেক ইউপি সদস্যকে চোর বলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৩০) শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া মালোপাড়ার জমির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আব্দুস সালাম মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার বন্ধু নয়নের সঙ্গে ডেমাজানী বাজার থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন।

পথে সাবেক ইউপি সদস্য শাজাহান আলীকে চোর উল্লেখ করে নয়নকে তার সঙ্গে ঘুরতে নিষেধ করেন আব্দুস সালাম। কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তারা দুই বন্ধু পৌঁছালে শাজাহান আলীর সঙ্গে তাদের দেখা হয়। এ সময় নয়ন তার বন্ধুর বলা বিষয়টি শাজাহান আলীকে অবহিত। এতে ক্ষুব্ধ হয়ে শাজাহান আলী তার কাছে থাকা ছুরি দিয়ে আব্দুস সালামকে উপর্যুপরি আঘাত করেন।

নিহতের ভাতিজা মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় সালাম মারা যান। লাশের দাফন শেষে মামলা করা হবে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুস সালামকে হত্যা করা হয়েছে। বুধবারর দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবার বুধবার দুপুর পর্যন্ত মামলা দায়ের না করলেও এ ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল অভিযুক্ত শাজাহান আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।