বগুড়ার শেরপুরে ১৭ দিন ধরে নিখোঁজ ওষুধ ব্যবসায়ী নির্ঝরের (২৬) সন্ধান চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১০ টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নির্ঝর উপজেলার পৌর শহরের টাউন কলোনি এলাকার ডা. নাহিদ রানার ছেলে ও ডা. জাহিদুল ইসলাম শিপলুর ভাতিজা।
মানববন্ধনে নির্ঝরের বাবা ডা. নাহিদ রানা বলেন, আমার ছেলে গত ১৭ দিন হলো নিখোঁজ, তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রশাসনের কাছে আমার আবেদন আপনারা আমার ছেলেকে খুঁজে দিন।
ডা. জাহিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোকারিম হোসেন রনি, সমাজ সেবক রাজু সরকারসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শেরপুর পৌরশহরের ধুনট রোড মোড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি এক কন্যা সন্তানের জনক। এ বিষয়ে শেরপুর থানায় ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, আমরা তাকে খুঁজে বের করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।