জিম্বাবুয়ের বিপক্ষেই কি শেষ অধিনায়ক মাশরাফীর

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফী বিন মোর্ত্তজা থাকছেন কি থাকছেন না তা নিয়ে ছিল ধোঁয়াশা। বুধবার সেই ধোঁয়াশা দূর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ফিট থাকলে মাশরাফী জিম্বাবুয়ের বিপক্ষে থাকবেন এবং নেতৃত্বও দেবেন, এমনটাই জানিয়েছেন বিসিবি বস।

তবে অধিনায়ক হিসেবে মাশরাফীকে হয়তো এই সিরিজেই শেষ বারের মতো দেখতে যাচ্ছে দর্শক। এদিন সংবাদমাধ্যমকে নাজমুল হাসান পাপন যা বললেন, তাতে সেটি একরকম পরিষ্কারও বলা চলে। যদিও এক প্রশ্নের উত্তরে বিসিবি প্রধান সরাসরি সেটি বলতে চাননি।

নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমার ধারণা মাশরাফী জিম্বাবুয়ে সিরিজে খেলছে অবশ্যই। যদি ফিট না হয়, সেটা তো অন্য কথা। ওর জন্য আমরা অতটা কড়াকড়ি (ফিটনেসের ব্যাপারে) করতে যাচ্ছি না। তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ সামনের বিশ্বকাপের দিকে তাকিয়ে আমাদের অধিনায়ক ও দল গোছাতে হবে...।’

৩৬ বছরে দাঁড়িয়ে থাকা মাশরাফী নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন গত বছরই। টেস্ট খেলেন না তিনি ২০০৯ সাল থেকে। টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন ২০১৭ সালে। তবে ওয়ানডে আর কত দিন খেলবেন সেটি সবার অজানা।

বিসিবি মাশরাফীর অবসরের সিদ্ধান্ত তার নিজের ওপরই ছেড়ে দিচ্ছে। তবে নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচন নিয়ে আর দেরি করতে চায় না তারা, ‘এক-দেড় মাসের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে। এই সিরিজ পর্যন্ত আমরা অপেক্ষা করছি।’

‘অধিনায়কের ব্যাপারে হয়তো এক মাসের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে, এমন কাউকেই আমরা বেছে নেব হয়তো।’

নতুন অধিনায়ক নির্বাচন হলে মাশরাফী কি দলে থাকবেন? এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফী খেলতে চাইলে খেলতেই পারে। তবে আমার ভাবনায় বেশি আছে নেতৃত্ব। নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর অন্য কাউকে যদি আমরা ঘোষণা করে দিই (অধিনায়ক)। এরপর যদি ও পারফরম্যান্স দিয়ে দল ঢুকতে পারে তো ঢুকবে। কারো জন্যই এখানে বাধা নেই।’

বিসিবি সভাপতির এতটুকু কথা বার্তায় এটা পরিষ্কার মাশরাফীর অধিনায়কত্ব অধ্যায় শেষ হচ্ছে জিম্বাবুয়ে সিরিজেই। কিন্তু সরাসরি বিষয়টি জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই সিরিজে অধিনায়ক হিসেবেই খেলছে। শেষ সিরিজ কিনা, সেটি বলছি না। বোর্ড সভা ডেকেছি, আগামী ৮-৯ তারিখের দিকে। সেখানেই সিদ্ধান্ত হবে।’