মোটরসাইকেল চুরি করে সিসি ক্যামেরায় ধরা পুলিশ

কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের সামন থেকে মোটরসাইকেল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে ছিলেন পুলিশ সদস্য তরিকুল ইসলাম। কিন্তু বিধিবাম। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন তিনি। এরপর মামলা হয় তার বিরুদ্ধে। গ্রেপ্তার ও সাময়িক বরখাস্তও হয়েছেন।

চুরি করার সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত ছিলেন পুলিশের ওই সদস্য। গতকাল বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আল-আমিন বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

বাদী প্রসেস সার্ভার আল-আমিন আহমেদ জানান, কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনি গত মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে অফিসে আসেন। আদালত ভবনের সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। এ সময় তিনি ভুলে চাবি মোটরসাইকেলে রেখে যান। হাজিরা দেওয়ার পর তার মনে পড়ে চাবি রেখে এসেছেন। নিতে এসে দেখতে পান মোটরসাইকেলটি নেই। এরপর আদালত ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান এক পুলিশ সদস্য মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি আদালতের মাধ্যমে পুলিশ সুপারকে জানানো হয়।