রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আবদুল সাত্তার (২৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানি লিমিটেড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল সাত্তার লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডিঙ্গিমারা এলাকার আজিজার রহমানের ছেলে।

গতকাল বুধবার সকালে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবদুল সাত্তার ইসলাম অক্সিজেন প্রাইভেট কোম্পানি লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত ১১টায় অক্সিজেন ভরার সময় অতিরিক্ত চাপে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় আবদুল সাত্তারের শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পায়নি পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।