চুরির অপবাদ দিয়ে ভারতের রাজস্থানে দলিত দুই ভাইকে বিবস্ত্র করে অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে।
রাজস্থানের নাগৌর গ্রামের একটি পেট্রল স্টেশনের কর্মচারীরা তাদের নির্যাতন করেছে বলে রবিবার জানিয়েছে পুলিশ।
এনডিটিভি জানায়, ২৪ বছর বয়সী ওই দলিত তরুণ তার ২০ বছর বয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে পেট্রল স্টেশনে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই তরুণকে কয়েকজন মিলে বিবস্ত্র করে স্ক্রু দিয়ে নির্যাতন করছে। এ সময় তারা তার বিশেষ অঙ্গে পেট্রল ঢেলে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত দুই ভাই পুলিশের কাছে গিয়ে বুধবার একটি প্রাথমিক অভিযোগ দায়ের করেছে।
সিনিয়র পুলিশ অফিসার রাজপাল সিং বলেন, ‘চুরির অভিযোগে ওই দুজনকে রবিবার নির্মম নির্যাতন করে স্টেশনের কর্মচারীরা। নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়। বুধবার তারা একটি অভিযোগ দায়ের করেছে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।